চট্টগ্রামের হাটহাজারীতে এসএসএসি পরীক্ষার সময় গতকাল মঙ্গলবার তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সাতটি স্মার্টফোন জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। এ সময় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাদ উদ্দিনকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব মাকসুদ আহম্মদ জানান, ওই পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় দায়িত্বে অবহলোর কারণে ওই কেন্দ্রের তিন কক্ষপরিদর্শক- ছিপাতলী গাউছিয়া মাদ্রাসার শিক্ষক ইউছুপ আলী, গুমানমর্দ্দন পেস্কারহাট ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল জলিল ও গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শফিউল আলমকে কেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া পরীক্ষা চলাকালীন কাছে মোবাইল রাখায় অন্য ছয় শিক্ষার্থীকে পরীক্ষার নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট কমিয়ে দেওয়ার আদেশ দেন ইউএনও।
