বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল সূচি (১০)। পাশে মায়ের হাত ধরে যাচ্ছে তার ছোট ভাই। রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সূচি। মাইক্রো ব্রেক করার পর উঠে দাঁড়ায় সে। তখনই শ্যুটিংয়ের কাজে ব্যবহৃত মাইক্রোটি তাকে পিষে চলে যায়। বাবা-মার সামনেই ঘটনাস্থলে মৃত্যু হয় একমাত্র কন্যার। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চার জেলায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহতের খবর পাওয়া গেছে। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
ঢাকা : গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার শ্যুটিংয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চাপায় নিহত হয় ফাইজা তাহসিনা সূচি।
সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় সহকারী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার প্রফেসরপাড়ায়। সূচি ও ছোট ছেলে নাকিব মোর্শেদ বর্ণকে (৬) মাইলস্টোনে ভর্তি করানোয় জানুয়ারির ২৮ তারিখে পরিবার নিয়ে উত্তরায় ভাড়াবাড়িতে ওঠেন ফাইজুল।
দুর্ঘটনার পরপরই সূচিকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন মাইক্রোবাসটিকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে গতিরোধ করে। তখন চালক মাইক্রোবাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। হইচইয়ের মাঝে যাত্রীরাও সরে পড়ে।
উত্তরা থানার ওসি নূরুল মোত্তাকিন বলেন, ‘শ্যুটিংয়ের জন্য বের হওয়া একটি বেপরোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪১৫৭) সূচিকে পেছন থেকে চাপা দেয়। এতে সূচির মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাইক্রোটি নাটকের শ্যুটিংয়ের জন্য অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে দিয়াবাড়ী এলাকায় যাচ্ছিল। চালকের ব্যাপারে খোঁজখবর নিতে গাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’ ময়নাতদন্তের জন্য সূচির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার রাতে রাজধানীর ভাটারার কোকাকোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে গেলে দুজন নিহত হয়। নিহতরা হলেন চা দোকানি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শতদল গ্রামের মৃত গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (৪০) ও গ্যারেজের নিরাপত্তাকর্মী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি গ্রামের মৃত জলিল শেখের ছেলে তবির শেখ (৪৫)।
ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাবউদ্দিন জানান, বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে দুজন ঘটনাস্থলেই নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। গতকাল সকালে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে তারা সরে যায়।
এছাড়া গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। তার পরনে ছিল লাল প্রিন্টের শাড়ি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
ফেনী : জেলার সোনাগাজীর চরছান্দিয়া ইউপির সাহেবের ঘাট সংলগ্ন স্থানে মোটরসাইকেল চাপায় জাহিদুল ইসলাম নয়ন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে একই এলাকার প্রবাসী মোস্তাফিজুর রহমান ফরহাদের ছেলে। অভিযুক্ত মোটরসাইকেল চালক রাসেল ওই ইউনিয়নের নতুন সওদাগরহাট এলাকার সুলতান সারেং বাড়ির মফিজুর রহমানের ছেলে।
গতকাল সকাল সাড়ে ১০টায় শিশুটি বাড়ির সামনের মাদ্রাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে রাসেল প্রথমে সাহেবের ঘাট ব্রিজের দিকে যায়। কয়েক মিনিট পর সে দ্রুত বেগে ফিরে এসে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অভিযুক্ত রাসেল ইয়াবাসেবী বলে জানান নিহতের চাচা আবদুর রহমান রানা।
গোপালগঞ্জ : জেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা নামক স্থানে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে বেসিক ব্যাংকের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আট যাত্রী। নিহতরা হলেন বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার ক্যাশ অফিসার নুরুল ইসলাম (৪০) ও মোমেনা বেগম (২৫)। নুরুল গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে। মোমেনা পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এক বাসযাত্রী জানান, চালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন।
জয়পুরহাট : জেলার পাঁচবিবি-হিলি সড়কের মাতাইশ মঞ্জিল এলাকায় গতকাল দুপুরে মেসি ট্রাক্টরের ধাক্কায় আমজাদ হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলার দরপাল গ্রামের তমিজউদ্দিনের ছেলে। পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান, আমজাদ বিক্রির জন্য ভ্যানযোগে আলু নিয়ে বাজারে যাচ্ছিলেন।
