ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তাই বলে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নেইমারের ভূমিকায় কিলিয়ান এমবাপেকে দেখতে চান না দলটির কোচ টমাস টুখেল। বরং এমবাপেকে ফিনিশারের ভূমিকাতেই চান পিএসজি কোচ।
পায়ের ইনজুরির কারণে ২৭ বছর বয়সী নেইমার এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া ইতিমধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। যার মধ্যে লিগ ওয়ানে রোববার লিওঁর কাছে হেরে যায় দলটি। লিগ ওয়ানে এবার এটিই প্রথম হার শিরোপার দৌড়ে থাকাদের।
অর্থাৎ পিএসজি নেইমারের শূন্যতাটা টের পাচ্ছে ভালোভাবেই। পিএসজি কোচ অবশ্য সেটি বড় করে দেখতে চান না। নেইমারের শূন্যতা পূরণের জন্য এমবাপের খেলার ধরন ও পজিশনও বদলাতে নারাজ টুখেল।
পিএসজি ম্যানেজার বলছেন, ‘‘আমি সাধারণত কিলিয়ানকে (কিলিয়ান এমবাপে) ফিনিশার হিসেবে দেখতে চাই। প্রতিপক্ষের ডিফেন্সে আমাদের আক্রমণভাগের শেষ লাইন সে। সেখানে সে অবিশ্বাস্য রকমের বিপজ্জনক। কারণ- তার রয়েছে গতি এবং গোল করার ক্ষুধা। আমি চাই না সে সে নেইমারের দায়িত্ব তুলে নিয়ে গোল তৈরি করুক।’’
এমবাপেকে গোল করানো নয়, করার ভূমিকাতেই চান টুখেল। এই কোচ বলেন, ‘‘আমাদের সেটা করার জন্য খেলোয়াড় আছে। যারা কিলিয়ান এবং এডিকে (কাভানি) সহায়তা করবে। এবং তাদের সঠিক পাসটা দেবে। দুই স্ট্রাইকারেরই ফিনিশার হওয়া প্রয়োজন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
