সাইনা নেহাল। তিনি যে পেশাদার ব্যাডমিন্টন তারকা এটা না লিখলেও চলে। সারা বিশ্বেই তিনি এক নামে পরিচিত। কোর্টে তার দক্ষতাও নজরকাড়া। সাবেক নাম্বার ওয়ান। ভবিষ্যতে আবার নাম্বার ওয়ান হতে পারেন। ভারতের হয়ে পেশাদার ব্যাডমিন্টন সিঙ্গেলসে জিতেছেন ২৪টি আন্তর্জাতিক শিরোপা। একাধিক অলিম্পিক শিরোপাও আছে তার ঝুলিতে। তাকে ভারতের অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্ব মনে করা হয়। খেলোয়াড় হিসেবে ভারতে ব্যাডমিন্টনকে জনপ্রিয় করে তোলার পেছনেও সাইনার ভূমিকা অপরিসীম। তবে তিনি শুধু র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টই মাতিয়ে রাখেন না, র্যাম্পেও হাঁটেন। কয়েক দিন আগে শেষ হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক। যেখানে হলুদ রঙের লেহেঙ্গা-চোলি পরে র্যাম্পে হাঁটেন সাইনা। এতদিন ভারতীয় শাটলারের ভক্তরা ব্যাডমিন্টন কোর্টে খেলোয়াড়সুলভ লুকেই তাকে দেখতে অভ্যস্ত ছিল। তবে নতুন লুকেও তাকে অসাধারণ লাগছিল। অবশ্য র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা এই প্রথম নয়, আগেও হেঁটেছেন। কারণ খেলার বাইরে র্যাম্পওয়াক তার একটা শখও। গত সপ্তাহে সেই শখটাই মনের আনন্দে মিটিয়েছেন। হলুদ লেহেঙ্গা-চোলিতে দর্শকের মন জয় করেন তিনি। ল্যাকমে ফ্যাশন উইকে যে লেহেঙ্গা-চোলি পরেছিলেন সাইনা সেটির ডিজাইন করেন ভারতের দক্ষিণী ফ্যাশন ডিজাইনার ভানু রঘুপতি।
×
