আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে, বিএনপি নির্বাচনভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি। তিনি যেন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। সুতরাং খামোখা আওয়ামী লীগে থেকে তার লাভ কী, বরং ওবায়দুল কাদের সাহেবকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি সংসদে না গেলেও প্রতিনিয়ত বিএনপি ও জিয়া পরিবারকে
নিয়ে সংসদে বিষোদগার করছেন প্রধানমন্ত্রী। এদেশে বাকস্বাধীনতা শুধু একজনেরই আছে, তিনি হলেন ‘মিডনাইট ভোট’-এর প্রধানমন্ত্রী। তিনি সবার বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একাই লাগামহীন কথাবার্তা বলেন।”খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, ‘তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছর কারাগারে রাখার নজির পৃথিবীর কোথাও নেই। খালেদা জিয়ার মুক্তি আইন ও বিচারের ওপর নির্ভরশীল নয়, এটি নির্ভরশীল শেখ হাসিনার মর্জির ওপর। আইন-আদালতকে প্রভাবিত করেই তাকে বন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে প্রতিহিংসা পূরণের সাজা দেওয়ার এক বছর পূর্ণ হলো।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাহিদা রফিক, নজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
