বিপিএল’র ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ে কুমিল্লাজুড়ে উৎসব হয়েছে।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আতশবাজি আর মিছিলে মিছিলে মুখর হতে থাকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্বর।
শহরের চতুর্দিক থেকে ‘কুমিল্লা কুমিল্লা’ স্লোগান তুলে মোটরসাইকেল মিছিল নিয়ে জড়ো হয় নগরীর কান্দিরপাড়ে। জাতীয় পতাকা পূবালী চত্বরে হাজির হয় কয়েক হাজার ক্রিকেটপ্রেমী।
বিজয় উৎসব হয়েছে অর্থমন্ত্রী আ হ ম কামাল ও ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের এলাকা সদর দক্ষিণ, লালমাই, বিজয়পুর ও নাঙ্গলকোটেও।
জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আ হ ম মুস্তফা কামাল ও নাফিসা কামালসহ ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে সদর দক্ষিণের বাগমারা, বিজয়পুরসহ গোটা এলাকায় হাজার হাজার ভিক্টোরিয়ান্স সমর্থক মিছিল করেছে।
এই বিজয় নাফিসা কামাল কুমিল্লাবাসীকে উৎসর্গ করেছেন বলে কুমিল্লা লালমাই ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যা থেকেই কুমিল্লার সর্বত্র ছিল যেন উৎসবের আমেজ। বিশেষ করে ভিক্টোরিয়ান্সের ব্যাটিংয়ের সময় তামিম ইকবালের ৬১ বলে ১৪১ রানের ইনিংসে ১১ ছক্কা আর ১০ চারের ম্যাচটি উপভোগের সময়ই বেশ হই-হুল্লোড় পড়ে গোটা কুমিল্লায়।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ জয়ে দলের খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, এই বিজয় কুমিল্লার সকল মানুষের বিজয়।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেন জানান, এই বিজয় কুমিল্লাকে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবে।
