ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইনিভাবে বা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার দায় বিএনপির। এ বিষয় আমাদের করার কিছুই নেই। গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তাকে (খালেদা জিয়া) দন্ড দিয়েছে আদালত, কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে মুক্তি দিতে পারে আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এখানে কোনোভাবেই জড়িত নয়। ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার এক বছর কারাবাস। এটা তার আদালতের দন্ড। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, কাজেই এখানে সরকারের কিছুই করণীয় নেই। এটা আদালতের বিষয়, লিগ্যাল ম্যাটার।’
‘সরকারের হস্তক্ষেপ’ খালেদা জিয়ার মুক্তিতে বাধা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ করছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে পরাজয়ের পর তারা যেভাবে প্রলাপ বকছে, এতে মনে হয় তাদের মাথা বিগড়ে গেছে। বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের কোনো সাড়া পাবে না। কারণ দুর্নীতির জন্য, সন্ত্রাসের জন্য দেশে-বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে।
‘অযাচিত উপদেশ দিয়ে বিএনপির উপদেষ্টা হতে চাচ্ছে ওবায়দুল কাদের’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। ওর (রিজভীর) কথার জবাব দেওয়ার ইচ্ছা আমার নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডাকসুতে মেরুকরণ অনুযায়ী সমীকরণ হবে। আমাদের প্রতিপক্ষ ছাত্রসংগঠন যদি ঐক্যবদ্ধ-জোটবদ্ধ প্যানেল দেয়, সেই অনুযায়ী আমরাও প্যানেল দেব। সেখানে প্রতিপক্ষের মেরুকরণ অনুযায়ী আমাদের সমীকরণ হবে।’
