একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত হয়। সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার কারণে ৪৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও দলটি দুটি আসনে প্রার্থী দেয়নি। এই দুটি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন আঞ্জুম সুলতানা (কুমিল্লা), সুলতানা নাদিরা (বরগুনা), হোসনে আরা (জামালপুর), রুমানা আলী (গাজীপুর), উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ (ব্রাহ্মণবাড়িয়া), হাবিবা রহমান খান শেফালী (নেত্রকোনা), শেখ এ্যানি রহমান (পিরোজপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), শামীমা আক্তার খানম (সুনামগঞ্জ), শামসুন্নাহার ভূঁইয়া (গাজীপুর), ফজিলাতুন নেসা (মুন্সীগঞ্জ), রাবেয়া আলীম (নীলফামারী), তামান্না নুসরাত বুবলী (নরসিংদী), নার্গিস রহমান (গোপালগঞ্জ), মনিরা সুলতানা (ময়মনসিংহ), নাহিদ ইজহার খান (ঢাকা), খালেদা খানম (ঝিনাইদহ), সৈয়দা রুবিনা আক্তার মিরা (বরিশাল), ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম), কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী), অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার (খুলনা), সুবর্ণা মুস্তাফা (ঢাকা), জাকিয়া তাবাসসুম জুঁই (দিনাজপুর), ফরিদা খানম সাকী (নোয়াখালী), বাসন্তী চাকমা (খাগড়াছড়ি), কানিজ ফাতেমা মোস্তাক (কক্সবাজার), রুশেমা ইমাম (ফরিদপুর), সৈয়দা রাশিদা বেগম (কুষ্টিয়া), সৈয়দা জোহরা আলাউদ্দিন (মৌলভীবাজার), আদিবা আনজুম মিতা (রাজশাহী), আরমা দত্ত (কুমিল্লা), শিরিনা নাহার (খুলনা), ফেরদৌসী ইসলাম জেসী (চাঁপাইনবাবগঞ্জ), পারভীন হক সিকদার (শরীয়তপুর), খাদেজা নুসরাত (রাজবাড়ী), শবনম জাহান শিলা (ঢাকা), খাদিজাতুল আনোয়ার সনি (চট্টগ্রাম), জাকিয়া পারভীন খানম (নেত্রকোনা), তাহমিনা বেগম (মাদারীপুর), শিরীন আহমেদ (ঢাকা) ও জিন্নাতুল বাকিয়া (ঢাকা)। এই ৪১ জনের মধ্যে মাত্র দুজন দশম সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। তারা হলেন ফজিলাতুন নেসা ও ওয়াসিকা আয়েশা খান।
বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
