সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ নামের একটি সংগঠন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
জাতির পিতা ও তার পরিবারসহ মুক্তিযোদ্ধা পরিবারের ‘অবমাননাকারীদের’ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকেই শতভাগ কোটা বাস্তবায়ন এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণসহ ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ছয় দফা দাবি জানিয়ে রাস্তা ছেড়ে দেয় তারা।’
