অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের দেখা পেয়েছে ভারত। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে ৭ উইকেটে জিতেছে তারা। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতায় ফিরেছে রোহিত শর্মার দল। শেষ টি-টোয়েন্টি আগামীকাল রবিবার হ্যামিল্টনের সিডন পার্কে।সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঝড় তুলেছিলেন কিউই ওপেনার টিম সেইফার্ট। অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল ঝড় তুলতে ব্যর্থ হন স্বাগতিক ওপেনাররা। দলীয় ১৫ রানে সেইফার্ট আউট হন। এরপর কলিন মুনরো আর কেন উইলিয়ামসন ২৬ রানের ছোট্ট একটা জুটি গড়েন। মুনরোকে (১২) আউট করে জুটি ভাঙেন ক্রুনাল পান্ডিয়া। স্বাগতিকদের বিপর্যয়ের সেই শুরু। দ্রুত ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫০। এখান থেকে আর বড় রানের দিকে ছুটতে পারেনি তারা। তবে পঞ্চম উইকেটে ৭৭ রান তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন রস টেইলর ও কলিন ডি গ্র্যান্ডহোম। এই জুটি ভাঙে রান আউটের মাধ্যমে। ক্রুনাল ৩ উইকেট নেন। সফরকারী বোলারদের মাপা বোলিংয়ে কিউইরা। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে স্বাগতিকরা। ২৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন গ্র্যান্ডহোম।
অকল্যান্ডে ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ভারত। ওপেনিং জুটিই তাদের কাজটা সহজ করে দেয়। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৯.২ ওভারে ৭৯ রানের জুটি গড়েন। অধিনায়ক রোহিত হাফসেঞ্চুরি করার পরই আউট হন। এই ইনিংসটি খেলার পথে একটি রেকর্ডও করেছেন তিনি। এখন টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী রোহিত। ৯২ ম্যাচে তার রান ২২৮৮। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২২৭২ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। গতকাল ২৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫০ রান করে আউট হন রোহিত। শেষে ঋষভ পান্ত ও মহেন্দ্র সিং ধোনি জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। পান্ত ২৮ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। ধোনি অপরাজিত ছিলেন ২০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৫৮/৭, ২০ ওভার (গ্র্যান্ডহোম ৫০, টেইলর ৪২, উইলিয়ামসন ২০, সেইফার্ট ১২, মুনরো ১২; ক্রুনাল ৩/২৮, খলিল ২/২৭, ভুবনেশ্বর ১/২৯)।
ভারত : ১৬২/৩, ১৮.৫ ওভার (রোহিত ৫০, পান্ত ৪০*, ধাওয়ান ৩০, ধোনি ২০*, মিচেল ১/১৫, ফার্গুসন ১/৩১, সোধি ১/৩১)।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ক্রুনাল পান্ডিয়া।
