সারা দেশে উচ্চগতির ইন্টারনেট ২০২১ সালের মধ্যে : পলক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি এলাকা উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এর অংশ হিসেবে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮শ ইউনিয়নে ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল শনিবার কক্সবাজার শহরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আগামীতে বিশ্বে আইসিটি সেক্টরে লেজেন্ড হবে বাংলাদেশ। সে লক্ষ্যে ২০২১ সালকে টার্গেট করে আমরা এগিয়ে যাচ্ছি। সময় এসেছে মেধাভিত্তিক অর্থনীতির ওপর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার।’তিনি আরও বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ, আর এখন তা ৯ কোটি ৬০ লাখ। সরকারের কোনো দপ্তরে ডিজিটাল সার্ভিস ছিল না, কিন্তু এখন সরকারিসহ পাঁচ শতাধিক সেক্টরে অটোমেটেড সার্ভিস চালু করা হয়েছে। আইটি সেক্টরে কোনো কর্মসংস্থান ছিল না, এখন এ সেক্টরে প্রায় ১০ লাখ মানুষ কাজ করছে।’অধ্যাপক মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।তড়িৎ কম্পিউটার কৌশল ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক তিন দিনের এই সম্মেলনে দেশি-বিদেশি ৩০০ শিক্ষাবিদ ও গবেষক অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত