লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম বাবু রয়েছেন।
এদিকে গতকাল দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেলকুচি লালমনিরহাটে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে চার পুলিশসহ আহত ৩৫ আওয়ামী লীগের একাংশের নেতকর্মীরা। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
লালমনিরহাটের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলমকে অভ্যর্থনা দেওয়ার জন্য গতকাল রবিবার দুপুরে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সাপ্টীবাড়ি থেকে কাকিনা তিস্তা দ্বিতীয় সড়ক সেতু দিয়ে উপজেলা দলীয় কার্যালয় এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী নেতা ইমরুল কায়েস ফারুখের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুদ্দিন দেশ রূপান্তরকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি রাবার বুলেট ছুড়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন। এ সময় ছয়টি মোটরসাইকেল ভেঙে ফেলা হয়। পুলিশের ওপর চড়াও হওয়ায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলম বলেন, গুরুতর আহত তার চার কর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বড়লেখায় আ. লীগের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ : এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। রবিবার বেলা ১টার দিকে বড়লেখা পৌরশহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলীয় মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদও ছিলেন। পরে পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সোয়েব ছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বক্তব্য দেন।
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকার প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দকে অবাঞ্ছিত ঘোষণা করছে বেলকুচি আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় অবিলম্বে মোহাম্মদ আলী আকন্দের মনোনয়ন বাতিল করে তৃণমূলের ভোটে নির্বাচিত বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দেলখোশ আলী প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রাং, সাবেক চেয়ারম্যান আবদুল মতিন প্রাং, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা প্রমুখ।
