সংবাদ সম্মেলনে রিজভী

টেনেহিঁচড়ে কোর্টে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২১ এএম

খালেদা জিয়াকে ‘সাজানো মিথ্যা মামলায়’ এক বছর পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স ৭৪ বছর, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অসুস্থ শরীর। একা চলতে পারেন না। তারপরও তাকে টেনেহিঁচড়ে জবরদস্তি করে আনা হচ্ছে ক্যাঙ্গারু কোর্টে।’

গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খালেদা জিয়া স্বাস্থ্যঝুঁকিতে থাকলেও তিলে তিলে শেষ করে দেওয়ার জিঘাংসা চরিতার্থ করে চলেছে সরকার। অবৈধ সরকারের হাত যেহেতু আইনের হাতের চেয়ে লম্বা, তাই সব নির্ভর করছে মিডনাইট ইলেকশনের প্রধানমন্ত্রীর ওপর।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়ালের ভাষা বোঝার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আপনি দেয়ালের ভাষা পড়–ন। চারদিকের মানুষ চোখেমুখে কী বলছে তা বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের, কিন্তু কর্মফল অনন্তকালের।  এখনো সময় আছে।  এক বছরে খালেদা জিয়াকে বহু নির্যাতন ও কষ্ট দিয়েছেন।  এবার তাকে মুক্তি দিন।’

তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারা দেশে বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত শনিবার কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বাধা দিয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে কর্মসূচি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।’ এ ছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত