মেসি কয়েকবার চেষ্টা করলেন। একবার আটকে গেলেন ক্রসবারে। অন্য সময়ে ব্যর্থ হলেন সতীর্থদের কারণে। লা লিগার এমন ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করতে হয়েছে বার্সেলোনাকে। গত এক বছরে লা লিগার ৩৮ ম্যাচে এই প্রথম গোল করতে ব্যর্থ হল দলটি।
এর আগে লা লিগায় বার্সা গোল করতে ব্যর্থ হয় গেতাফের বিপক্ষে, ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি। চলতি মৌসুমেও এটি তাদের গোলহীন প্রথম ম্যাচ।
লিগে টানা দুই ম্যাচ ড্র করায় রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান কমে গেছে। ২৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। রিয়ালের ৪৫। সমান ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।
এদিন প্রথমার্ধে মেসির দারুণ লব ক্রসবারে লেগে ফিরে আসার পর আর গোলই বের করতে পারেনি এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
স্বাগতিক বিলবাও দারুণ ফুটবল খেলেছে। দলটির কাছে বার্সাকে তুলনামূলক বেশি ম্লান মনে হয়েছে। বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন দুর্দান্ত সব সেভে রক্ষা না করলে হার নিয়েই ফিরতে হতো।
বিলবাও অতিরিক্ত সময়ের খেলায় ১০ জনের দলে পরিণত হয়। হ্যান্ডবলের কারণে ডিফেন্ডার অস্কার দে মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়েও বার্সা গোল বের করতে পারেনি।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সা লিগে ১১ ম্যাচে অপরাজিত। তবু তাদের চিন্তার কারণ হতে পারে শেষ তিনটি ম্যাচ। লা লিগায় দুই ড্রয়ের পাশাপাশি কোপা ডেল রেতে গত ৬ ফেব্রুয়ারি রিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে হয় তাদের।
ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এমন ম্যাচ বেশ হতাশার। ভুল খুঁজে সমাধান বের করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
