বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সামনে আজ ‘বড়’ চ্যালেঞ্জ আরামবাগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম ম্যাচটা আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বলেই আরামবাগ হয়ে উঠেছে যে কারোর জন্য কঠিন প্রতিপক্ষ। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিই আরামবাগ খেলেছে নিজেদের ভেন্যু হিসেবে বেছে নেওয়া এই স্টেডিয়ামে। প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে হারার পর টানা তিন ম্যাচ জিতেছে দলটি। হারিয়েছে স্বীকৃত তিন বড় দল মোহামেডান, সাইফ স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীকে। ঢাকায় অবশ্য সর্বশেষ ম্যাচে দলটি হেরেছে শেখ জামাল ধানম-ি ক্লাবের কাছে। আরামবাগের মাঠে আরামবাগকে হারিয়ে আবাহনী চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। আগের পাঁচ ম্যাচের একটিতে তারা হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। কিন্তু বাকি চার ম্যাচেই জিতেছে আকাশি-হলুদ জার্সিধারীরা। ঢাকায় আজ দিনের অন্য ম্যাচে জামাল মোকাবিলা করবে ব্রাদার্স ইউনিয়নের।
পঞ্চম রাউন্ড শেষে সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস এবং আবাহনী। তবে কিংস খেলেছে এক ম্যাচ কম। এই রাউন্ডে দলটি নিজেদের ভেন্যু নীলফামারীতে খেলবে রহমতগঞ্জের বিপক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলে ১০ পয়েন্ট করে আছে শেখ রাসেল এবং সাইফ স্পোর্টিং ক্লাবের। রাসেল এগিয়ে আছে এক ম্যাচ কম খেলে। তিন জয়ে ৯ পয়েন্ট পেয়ে পঞ্চমে আরামবাগ। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। আর ১ পয়েন্ট কম নিয়ে সপ্তমে শেখ জামাল। ব্রাদার্স, রহমতগঞ্জ এবং মোহামেডানের সংগ্রহ সমান ৩ করে। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে নোফেল স্পোর্টিং ক্লাব এবং টিম বিজেএমসি।
