নিউ জিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের সন্ধানে বাংলাদেশ। কিন্তু সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি আছে খোদ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও কোচ স্টিভ রোডসের। তার ওপর চোটের কারণে নেই সাকিব আল হাসান। এরপরও বুধবার নেপিয়ারে জয়ের লক্ষ্য নিয়েই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে টাইগাররা। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এজন্য দলের সবার মানসিক দৃঢ়তাকেই বড় করে দেখছেন।
সিরিজ শুরুর আগে মঙ্গলবার শেষ বারের মতো নিজেদের প্রস্তুত করে নেয় টিম বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে মাশরাফী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘যদি আপনি প্রস্তুতির কথা বলেন, তবে আগে এখানে আসার সময় যেমন ছিল এবার তেমনটি নয়। কিন্তু আমার কাছে মনে হয় মানসিক প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘‘ওদেরকে হারাতে হলে মেন্টালি অনেক শক্তিশালী হতে হবে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসিংরুমে এখনো পর্যন্ত সব ঠিক আছে। আশা করি কালকে শুরুটা ভালো করতে পারলে এটা ভালো একটি ম্যাচ হবে।’’
পরিসংখ্যান বলছে নিউজিল্যান্ডের মাটিতে ১০টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিততে পারেনি একটিও। তার ওপর সাকিব আল হাসান নেই। এবার তাই পরীক্ষাটা আরো কঠিন হওয়ার কথা। তবে সাকিবের না থাকাটাকে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখতে বলছেন মাশারাফী, ‘‘আমাদের দলে অলরাউন্ডার তো অনেক আছে। সাকিব থাকলে তাদের বল করানোর প্রয়োজন হয় না। ওর জায়গায় যে খেলবে, তার জন্য বড় সুযোগ নিজেকে প্রমাণ করার, যে ব্যাটিং ও বোলিংয়ে আমি জেনুইন অলরাউন্ডার।’’
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রতিবার বাজে ভাবে হারলেও ২০১৫ বিশ্বকাপ থেকে দলের মনোভাব বদলে গেছে বলে মনে করেন মাশরাফী, ‘‘আগের প্রতিবার আসলে আমাদের মানসিকতা এক রকম ছিল না। কিন্তু ২০১৫ বিশ্বকাপের ম্যাচ ও ২০১৭ সালের সিরিজের কথা বললে বলব আমরা ভিন্ন মানসিকতা নিয়ে খেলেছি। দুর্ভাগ্যবশত সুযোগগুলো আমরা তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলাম।’’
২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল তিন ম্যাচেই। আর ২০১৫ বিশ্বকাপের ম্যাচে আগে ব্যাট করে ২৮৮ রান করেও হেরে যায় টাইগাররা। সেবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারার হতাশা আছে মাশরাফীর। তবে এবার আর সুযোগ তৈরি করে সেটি হাতছাড়া করতে চান না মাশরাফী, ‘‘অবশ্যই আমরা সুযোগ কাজে লাগাতে চাই। কিন্তু বড় কথা হচ্ছে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’’
