জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। উৎসব-পার্বণে তাহসানের গান মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম কিছু। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই তারকা নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘তুমিময় লাগে’। মাহমুদ মানজুর ও তাহসান শুভর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের একটি ছোট্ট অংশে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েজ তারকা কর্নিয়া। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন ফুয়াদ নাসের। ভিডিওতে তাহসান খানের সঙ্গে জুটি বেঁধেছেন সুচিতা। তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করলাম। উৎসবটি নিয়ে যতগুলো কাজ করেছি তুমিময় লাগে গানটি অন্য গানগুলো থেকে বেশ ভিন্ন আঙ্গিকে করা। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে। আর ভিডিওতে দর্শক পাবেন ভিন্ন এক তাহসানকে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের অংশ হিসেবে আজ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে তুমিময় লাগে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
×
