পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) শেয়ার কারসাজির দায়ে একটি তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া সিকিউরিটিজ আইন ভঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই ব্রোকারেজ হাউসকে আরও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। গতকাল বিএসইসির নিয়মিত সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি জানায়, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী মিসেস নাসিমা আক্তার লতা, গোলাম মোস্তফা ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার শেয়ারবাজার লিমিটেডকে কারসাজির দায়ে এ জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে এসপিসিএলের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার ক্রয় ও তা সংরক্ষণের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে শেয়ারের মূল্য বাড়াতে অবদান রেখেছেন। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৭ এর (ই)(ভি) ধারার লঙ্ঘন। এ ঘটনায় বিএসইসির ৫৪৬তম কমিশন সভায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
২০১৫ সালের ২ জুন বিএসইসির কমিশনের ৫৪৬তম সভায় এসপিসিএলের শেয়ার কারসাজির দায়ে মিসেস নাসিমা আক্তার লতা, গোলাম মোস্তফা ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার শেয়ারবাজার লিমিটেড ছাড়াও প্রাইম ইসলামী সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ইয়াজদানীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অভিযুক্তরা শাস্তি পুনর্বিবেচনা করলে গতকালের কমিশন সভায় জরিমানার সিদ্ধান্ত নেয় বিএসইসি। কারসাজির ঘটনায় গোলাম মোস্তফাকে ৮০ লাখ টাকা, তার স্ত্রী নাসিমা আক্তার লতাকে ৫০ লাখ টাকা ও স্টার শেয়ারবাজারকে এক কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিশন।
এছাড়া গ্রাহক হিসাবে ঘাটতি, নগদ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান, অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খোলা, গ্রাহকদের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহণসহ বিভিন্ন অভিযোগে ডিএসই সদস্য সাদ সিকিউরিটিজকে দুই লাখ টাকা ও সালতা ক্যাপিটালকে তিন লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
