ভ্যালেন্টাইন সারপ্রাইজ

ডুবুডুবু প্রেমে অনিমেষ ভাবনা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০ পিএম

গুণী পরিচালক অনিমেষ আইচ ও নতুন প্রজন্মের সুঅভিনেত্রী আশনা হাবিব ভাবনার সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে অনেক কথা ডালপালা মেলেছে। সব উপেক্ষা করে তারা দুজন শুধু নিজেদের মতো করে কাজ করে গেছেন। কাজের সম্পর্কের সুবাদে দুজনের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধুত্বের সুতো ধরে এসে গেছে ভালো লাগা, ভালোবাসা। এখন জল গড়াচ্ছে আরও দ্রুত। হয়তো খুব শিগগির বাজবে বিয়ের সানাই। ভালোবাসা দিবসেই ফোনালাপে ভাবনা এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশ রূপান্তরকে। ভাবনা স্বীকার করলেন, তারা এখন দুজন দুজনের ভালোবাসার মানুষ। বন্ধুত্ব ও ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তারা দুজন পাড়ি দিতে চান বহু দূরের পথ। একসঙ্গে কাটিয়ে দিতে চান জীবনের পরবর্তী সময়।

ভাবনা আরও বলেন, ‘আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওর সবচেয়ে বড় যে গুণটা আমাকে মুগ্ধ করেছে, সেটা হচ্ছে অনেক বিশাল মনের মানুষ ও। অসম্ভব আন্তরিক। সবকিছু এত সুন্দরভাবে আগলে রাখে, যেমনটা আমি চাই। চাপা স্বভাবের এই মানুষটি মুখ ফুটে কিছু বলে না, তবে তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয়, আমার প্রতি তার ভালোবাসার ব্যাপকতা কত বেশি।’

ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। এই ছবির পরিচালক অনিমেষ আইচ। এই ছবির শুটিংয়ের আগ পর্যন্ত তারা ছিলেন শুধুই বন্ধু। ছবির শুটিং তাদের দুজনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। ভালোবাসার উপহারস্বরূপ পরিচালক অনিমেষ আইচ ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার প্রিমিয়ার শো আয়োজন করেছিলেন ভাবনার জন্মদিনে। বন্ধুর কাছ থেকে এমন ভালোবাসা ভাবনাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে। ভাবনা বলেন, ‘মানুষ যখন দেশের বাইরে ট্রাভেল করে, তখন বন্ধুত্ব ও ভালোবাসার বিষয়টি নতুন করে উপলব্ধি করা যায়। মানালিতে ছয় পর্বের একটি নাটকের শুটিংয়ে গিয়েছিলাম। শুটিংয়ের সময়টাতে আমার জন্মদিন ছিল। মনে রাখার মতো একটি জন্মদিন উপহার দিয়েছিল অনিমেষ।’

অনিমেষ ও ভাবনা একে অপরকে ভালোবাসার কথা জানান চিঠি লিখে। নিয়মিতভাবে তারা দুজন একে অপরকে চিঠি লেখেন। ভাবনা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। বিমানের লম্বা ভ্রমণক্লান্তি দূর করতে আমাকে আট পৃষ্ঠার একটি চিঠি লেখেছিল, যা সত্যিই আমার সেই লম্বা ভ্রমণক্লান্তি ভুলিয়ে দেয়। কতবার যে বিমানে বসে সেই চিঠি পড়েছি, তার হিসাব নেই।’ ভাবনার যে গুণ অনিমেষ আইচকে মুগ্ধ করেছে, তা হচ্ছে সারল্য। বললেন, ‘ওর মধ্যে কোনো ধরনের জটিলতা নেই। আমি সবচেয়ে বেশি মুগ্ধ তার সরলতায়। এই সরলতায় আমাকে প্রতিনিয়ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে।’ তবে তাদের বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত