পায়রা বন্দরের উন্নয়নে সঠিক কৌশলগত পরিকল্পনা ও ডিটেইল মাস্টারপ্ল্যান প্রণয়নে ১৮ মাস সময় রেখে গতকাল বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে প্রায় ১২৫ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো হলো নেদারল্যান্ডসের রয়েল হাসকনিং ডিএইচভি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা, পরীক্ষা এবং পরামর্শক ব্যুরো (বিআরটিসি)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পায়রা বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম, বিআরটিসির পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল হক এবং রয়েল হাসকনিং-এর কৌশলগত ব্যবসা পরিচালক এরিক স্মিট নিজ নিজ পক্ষে এতে সই করেন। নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পায়রা বন্দর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে বাস্তবায়নাধীন ১০টি ফার্স্টট্র্যাক প্রকল্পের একটি। ডিটেইল মাস্টারপ্ল্যানসহ অন্যান্য প্রতিবেদন প্রণয়নে বুয়েটের ২৯ জন বিশেষজ্ঞ অধ্যাপক ও রয়েল হাসকনিং ডিএইচভির ৬১ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। পরামর্শক প্রতিষ্ঠান ২৪টি ডেলিভারেবলস রিপোর্ট প্রণয়ন করবে।
