ইনজুরির কারণে দলের হয়ে খেলতে পারছেন না নেইমার। ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলেননি এডিনসন কাভানিও। এ দুজনকে ছাড়াই মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ২-০ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এমন জয়ের পর নেইমার আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে।
ব্রাজিল তারকা মনে করেন, তার দল ১ জুন মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। ওই ম্যাচে নিজেও থাকবেন। রেড বুলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। শুধু আমার জন্য নয়, অসাধারণ খেলোয়াড় এবং প্রতিভাবান একজন কোচ নিয়ে পিএসজি দারুণ একটি দল।’ ম্যানইউর বিপক্ষে ফিরতি লিগের খেলা ৬ মার্চ প্যারিসে।
