কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে চাকিংয়ের অভিযোগে শনাক্ত করা হয়েছে তিন স্পিন বোলারকে। মানে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহ যাদের ওপর। নিজেদের ঠিক প্রমাণ করতে পরীক্ষা দিতে হচ্ছে তাদের।
এই তিনজন হলেন বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করে ফেলা অফ স্পিনার আলিস ইসলাম, চাকিংয়ের পুরনো অভিযোগ যার বিরুদ্ধে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফ স্পিনার সঞ্জিত সাহা আর রংপুর রাইডার্সের অফ স্পিনার নাহিদুল ইসলাম।
ফিল্ড আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে তাদের এখন চাকিংয়ের অভিযোগ খণ্ডনের দায়। বিসিবির অ্যাকশন শোধরানোর দায়িত্বপ্রাপ্তদের কাছে আগামী সপ্তাহে টেস্ট বা পরীক্ষা দিতে হবে আলিস, সঞ্জিত ও নাহিদকে। অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। আর রিভিউ কমিটি চার-পাঁচ দিনের মধ্যে ফল দেবে।
