বাগেরহাটের রামপালে বোমা হামলা চালিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতারকে (৫২) হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতে বলেন, খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরের রাস্তায় দাঁড়িয়ে নজু শেখ নামে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পেছন থেকে তার ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় বিএনপি নেতা খাজা মঈনুদ্দিন আখতারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় বলেন, ‘বোমা হামলায় আহত খাজা মঈনুদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’ রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
×
