মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিলুপ্ত করে দেওয়ার পরামর্শ দিয়ে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
দলের আমীর মকবুল আহমদকে পাঠানো পদত্যাগপত্রে ব্যারিস্টার রাজ্জাক নিজের সিদ্ধান্তের কথা জানান বলে শুক্রবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে।
এসেক্সের বারকিং থেকে পাঠানো চিঠিতে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে তিনি জামায়াতকে বিলুপ্ত করে দেয়ারও প্রস্তাব করেছিলেন দলীয় ফোরামে।
পদত্যাগপত্রে তিনি বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক দল গড়ে তোলা এখন সময়ের দাবি। কিন্তু সে দাবি অনুযায়ী জামায়াত নিজেকে এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, “স্বাধীনতার ৪৭ বছর পর আজও দলের নেতৃবৃন্দ ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারেনি। এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে দলের অবস্থানও ব্যাখ্যা করেনি।”
তার মতে, জামায়াত ৬০-এর দশকে সব সংগ্রামে যেমন অংশ নিয়েছে, তেমনি ৮০-র দশকে আট দল, সাত দল ও পাঁচ দলের সাথে যুগপৎভাবে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে।
“কিন্তু দলটির এসব অসামান্য অবদান ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভুল রাজনৈতিক ভূমিকার কারণে স্বীকৃতি পায়নি। মুক্তিযুদ্ধের বিরোধিতা পরবর্তীকালে জামায়াতের সব সাফল্য ও অর্জন ম্লান করে দিয়েছে”
তিনি বলেন, জামায়াতে যোগ দেওয়ার পর তিনি দলের ভেতর থেকে সংস্কারের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দলের সর্বশেষ পদক্ষেপ তাকে হতাশ করেছে বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যারিস্টার রাজ্জাক দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। লন্ডন যাওয়ার আগে পর্যন্ত তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই সময়ে আটক থাকা জামায়াত নেতাদের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
