অনূর্ধ্ব-২০ দলে খেললেও কখনো জাতীয় দলের জার্সি পরা হয়নি। ব্রাজিলের ‘বিস্ময়বালক’ ভিনিসিউস জুনিয়রের সেই আশা এবার পূরণ হতে পারে। মার্কা জানিয়েছে, চেক রিপাবলিকের বিপক্ষে মার্চের প্রীতি ম্যাচে রিয়ালের এই ১৮ বছর বয়সী তারকাকে জাতীয় দলে ডাকা হতে পারে।
তরুণ এই উইঙ্গার ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। রিয়ালের হয়েও এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নেমেছেন। সব প্রতিযোগিতায় গোল করেছেন তিনটি।
ব্রাজিল বস তিতে তার কোচিং টিমের দুই সদস্যকে স্পেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা রিয়ালের অনুশীলন দেখবেন। দেখবেন ভিনিসিউসকে।
ড্রিবলিং স্কিল আর নিখুঁত ফিনিশিং দক্ষতার জন্য পরিচিতি পাওয়া ভিনিসিউস প্রথম আলোচনায় আসেন ১৬ বছর বয়সে। পেশাদার ফুটবলে পা রাখার আগেই ৪৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় রিয়াল। এই মৌসুমের আগে ১৮ বছর বয়স হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বয়স পূর্ণ হওয়ার পর ক্লাবের প্রাক-মৌসুম টুর্নামেন্টে মাঠে নামেন। ধীরে ধীরে সিনিয়র দলে নিজেকে মানিয়ে নিচ্ছেন।
