এবার ভারতরত্ন নেয়ার ঘোষণা ভূপেন হাজারিকার ছেলের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৭ পিএম

সোমবার ভারতের আসামের এক স্থানীয় পত্রিকায় ভূপেন হাজারিকা ছেলে তেজ হাজারিকা সাক্ষাৎকারে নাগরিকত্ব বিল, ২০১৬-এর প্রতিবাদে ভারতরত্ন প্রত্যাখ্যান করলেও শুক্রবার তিনি তা গ্রহণে সম্মতির কথা জানিয়েছেন। 

শুক্রবার ভূপেন হাজারিকার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে তেজ এক বিবৃতিতে জানিয়েছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

তিনি লিখেছেন, 'বাবার হয়ে দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করা স্বপ্নের মতো একটা সুযোগ।'

৬৭ বছর বয়সী তেজ হাজারিকা হোয়াটসঅ্যাপে পাঠান বার্তায় লিখেছেন, 'ভারত সরকার বাবার হয়ে ভারতরত্ন গ্রহণ করার জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছে। প্রগতিশীল এবং ঐক্যবদ্ধ এক ভারত গড়ে তোলার জন্য বাবা নিঃস্বার্থ ভাবে কাজ করেছিলেন। দেশ তাঁকে তাঁর যোগ্য সম্মান দিচ্ছে। এই সম্মান গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যেখানেই অন্ধকার, সেখানে আলো আনার জন্য আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছি বারবার'।

নাগরিকত্ব বিল প্রসঙ্গে তেজ হাজারিকা বলেছিলেন উত্তরপূর্ব ভারতের নাগরিক পঞ্জি বিষয়ে সংগীতশিল্পী মনেপ্রাণে যা বিশ্বাস করতেন, এই বিল তার পরিপন্থী।

প্রত্যাখ্যানের খবরে আসামের মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'ওঁর পরিবার ইতিমধ্যেই এই পুরস্কারকে জনসমক্ষে স্বাগত জানিয়েছেন। ভারতরত্ন প্রত্যাখ্যান করে তেজ হাজারিকা কী বলতে চাইছেন যে, তাঁর বাবা এই সম্মানের যোগ্য নন? উনি কেন আমেরিকায় বসে এই বিল নিয়ে মন্তব্য করছেন?'

সূত্র: ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত