অভিষিক্ত এম্বুলদেনিয়ার নৈপুণ্যে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম

অভিষেক ম্যাচে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ডারবান টেস্টে আশা দেখাচ্ছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তারা ২৫৯ রানে গুটিয়ে দিয়েছে।

৩০৪ রানের টার্গেটে শেষ বিকেলে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে। পরে আলো কমে আসলে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। জয়ের জন্য দুই দিনে এখনো লঙ্কানদের করতে হবে ২২১ রান।

এম্বুলদেনিয়াকে দারুণ সঙ্গ দেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো। দুজনের যুগলবন্দীতে দক্ষিণ আফ্রিকার শেষ ৫ উইকেট পড়ে যায় মাত্র ৮ রানে!

দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শুরু করে ফাফ দু প্লেসি এবং কুইন্টন ডি কককে নিয়ে। দুজনে দারুণভাবে সকালে শুরু করেন। ডি কককে (৫৫) ফিরিয়ে শ্রীলঙ্কাকে স্বস্তি দেন এম্বুলদেনিয়া। এরপর প্রভাব বিস্তার করে ব্যাট চালাতে থাকেন ভারনন ফিল্যান্ডার এবং দু প্লেসি। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক পৌঁছে যান যান নিজের ১৮তম টেস্ট অর্ধশতকে।

লাঞ্চের পর প্লেসি এবং ফিল্যান্ডার আরও ২৪ রান যোগ করেন। এম্বুলদেনিয়া ব্রেক-থ্রু আনেন ফিল্যান্ডারকে (১৮) ফিরিয়ে। প্লেসি শতরান থেকে ১০ কদম দূরে থাকতে বিদায় নেন। এরপর দ্রুত গুটিয়ে যায় দলটি।

বোলিংয়ে শেষের লড়াইয়ে ম্যাচে ফিরে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। চা বিরতির আগে দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে আট ওভারে বেশ বিপাকে পড়েন। তাদের ফেরান রাবাদা এবং ফিল্যান্ডার। কুসল মেন্ডিস রানের খাতা খোলার আগেই আপার-কাট করতে গিয়ে বিদায় নেন। বাকি সময়টুকু সামলে নেন ওশাদা ফার্নান্দো এবং কুসল পেরেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত