শুক্রবারেই মৃত্যু চেয়েছিলেন কবি আল মাহমুদ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২ এএম

বাংলা কবিতার অন্যতম শক্তিশালী কবি আল মাহমুদ শুক্রবার মারা যাওয়ার ইচ্ছার কথা নিজেরই এক কবিতায় উল্লেখ করেছিলেন। সেই কাঙ্খিত দিনেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।  

উল্লেখ্য, ‘সোনালি কাবিনে’র কবি আল মাহমুদ শুক্রবার রাত ১১ টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না‌লিল্লা‌হি... রা‌জিউন)।

কবির মহাপ্রয়াণে শ্রদ্ধা জানিয়ে স্মৃতির মেঘলাভোর নামের ওই কবিতাটি তুলে ধরা হলো-

 

কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;

অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালোমন্দ যা ঘটুক, মেনে নেবো: এ আমার ঈদ।

ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন –

নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি, কিংবা কিছু নয়;

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন;

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী, নিশ্চয়।

স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক,

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?

কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায় !

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

 

(স্মৃতির মেঘলাভোর, আল মাহমুদ)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত