কবি আল মাহমুদের মৃত্যুতে তারকাদের শোক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১২ এএম

না ফেরার দেশে চলে গেলেন সোনালি কাবিনের কবি। কবি আল মাহমুদের মৃত্যুতে পুরো দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় কবির মৃত্যুতে শোক জানিয়েছেন তারকারাও।

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘ আল মাহমুদ আমি আপনাকে খুব ভালোবাসতাম। খুব কান্না পাচ্ছে। এত একা হয়েছিলেন আপনি! এত একা থাকা যায় না।’

র‌্যাম্প মডেল ও চিত্রনায়িকা পিয়া বলেন, ‘আজকেই বইমেলাতে গিয়ে ওনার বই দেখছিলাম। অথচ রাতেই ওনার মৃত্যুর খবর এল। ছোটবেলায় পাঠ্য পুস্তকে ওনার অনেক কবিতা, ছোটগল্প, অনেক পড়েছি। এখনো পড়ি। আরও একজন গুণী ব্যক্তিকে হারালাম। তার আত্মার শান্তি কামনা করি।’

 

ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘আল মাহমুদ সম্পর্কে এতটুকু বলতে পারি যে, উনি শুধু একজন কবি এবং ছোটগল্পকার নন, তিনি ছিলেন একজন ভাষা সংগ্রামী।  তার মতো একজন জ্ঞানী শিল্পী সাহিত্যের এমন একজন ব্যক্তিকে হারানো সত্যিই বেদনাদায়ক। দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশের এই পর্যায় পর্যন্ত তিনি ছিলেন কালের সাক্ষী। ওনাদের জীবদ্দশায় আমরা যেন সঠিক সম্মান দিতে পারি এবং ওনাদের আদর্শকে অনুসরণ করে চলি। ওনার মতো কবিকে আমরা আর পাব না।’

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘সহজ ভাষায় একজন মানুষ কত গভীর কথা বলে গেছেন । আধুনিক ভাবে লিখে গেছেন। বাংলা ভাষার ভান্ডারকে কত পরিপূর্ণ করে গেছেন তিনি। তার মতো কবিকে হারানো আসলেই আমাদের জন্য বড় দুর্ভাগ্যের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত