মুক্তির পূর্ব ঘোষণা থেকে পিছিয়ে গেল ‘বন্ড ২৫’। ডেডলাইনের এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড নিয়ে নির্মিত সিনেমাটি ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না। ভালোবাসা দিবসের বদলে বেছে নেওয়া হয়েছে ইস্টার উৎসবের আগের বুধবার।
সে হিসেবে সিনেমাটি মুক্তি পাবে ৮ এপ্রিল। অন্যদিকে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও পিছিয়ে ২২ মে মেমোরিয়াল ডে’র ছুটিতে মুক্তি পাচ্ছে হলিউডের আরেক ব্লকবাস্টার সিক্যুয়েল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’। সে হিসেবে ইস্টারের মতো বড় উৎসবে বন্ড সিনেমাটির বড় কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না।
সাধারণত ইস্টারের ছুটিতে চীনে অনেক সিনেমা মুক্তি পায়। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সরে যাওয়ার অন্যতম কারণ এটি।
অন্যদিকে ভালোবাসা দিবসে হলিউডে মুক্তি পাবে ডিজনির নাম প্রকাশ না হওয়া লাইভ অ্যাকশন সিনেমা, ফক্সের ‘নিমোনা’ ও ইউনিভার্সেলের নাম প্রকাশ না হওয়া রোমান্টিক সিনেমা। এ কারণে পিছু হটেছে ‘বন্ড ২৫’।
‘স্লামডগ মিলিয়নিয়ার’-খ্যাত ড্যানি বয়েল প্রথমে বন্ড সিনেমাটি পরিচালনার দায়িত্ব নেন। তার সরে যাওয়ার পর যুক্ত হন ‘বিস্টস অব নেশন’-খ্যাত ক্যারি জরি ফুকুঙ্গা।
বরাবরের মতো ‘বন্ড ২৫’ এর চিত্রনাট্য করছেন নেইল পারভিস ও রবার্ট ওয়াড। মূল চরিত্র ড্যানিয়েল ক্রেগের পাশাপাশি আগের সিনেমা থেকে ফিরছেন র্যালফ ফিনেস, লিয়া সেদুও, নাওমি হ্যারিস ও বেন হুশ।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বন্ড সিরিজের সবচেয়ে বেশি আয়ের কিস্তি। বিশ্বব্যাপী আয় করে ১১০ কোটি ডলার। অন্যদিকে ২০১৫ সালের সর্বশেষ সিনেমা ‘স্পেক্টার’ আয় করে ৮৮ কোটি ডলারের বেশি।
