মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোর নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১০ পিএম

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে খাদে পড়ে এক কিশোর নিহত এবং তার সহযোগী অপর কিশোর আহত হয়েছে। শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর পারভেজ হোসেন (১২) মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে। আলী জাবের (১১) নামে আহত কিশোর একই এলাকার হাসান আলীর ছেলে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত জানান, কিশোর পারভেজ মোটরসাইকেল চালানো শেখার জন্য শনিবার দুপুরে তার বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে সঙ্গী হিসেবে নেয় তার বন্ধু জাবেরকে। তারা হাটগাড়ি এলাকায় মোটরসাইকেল চালু করে মোমিনপুর হয়ে টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কিশোর পারভেজ নিহত এবং জাবের গুরুতর আহত হয়। জাবেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত পারভেজের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত