আবারও বিতর্কে পড়ল ‘দ্য কপিল শর্মা শো’। তবে এবার অনুষ্ঠানটির প্রধান ব্যক্তি কপিলকে নিয়ে নয়। অন্যতম আকর্ষণ সাবেক ক্রিকেটার ও মন্ত্রী নভজিৎ সিং সিধুর মন্তব্য পাকিস্তানবিরোধী ভাবাবেগকে আহত করেছে।
দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্যের জন্য সিধুকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হ্যাশট্যাগ বয়কট সিধু। এই কারণেই নাকি সিধুকে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
সনি টেলিভিশনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, এর আগে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সময় অনু মালিককে সরানো হয়েছিল। এবার সিধুকে সরানোর জন্য সংশ্লিষ্ট প্রোডাকশন হাউসকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও জানা গেছে, সিধুর পরিবর্তে অভিনেত্রী অর্চনা পূরণ সিংকে দেখা যাবে ‘দ্য কপিল শর্মা শো’তে।
পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার নিন্দা করে শুক্রবার সিধু বলেন, “যা ঘটেছে তা কাপুরুষোচিত ও অত্যন্ত নিন্দনীয়। আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। হিংসা সব সময়ই নিন্দনীয় ও তার চরম শাস্তি হওয়া উচিত।”
এর পরের বক্তব্য নিয়ে বিতর্কের ঝড়। সেখানে সিধু প্রশ্ন করেন, “কিন্তু এ জন্য কি একটা দেশের সব মানুষকে দায়ী করা যায় বা নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে আঙুল তোলা যায়?”
সিধু এ কথা বলামাত্রই চারপাশে নিন্দার ঝড় উঠে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে তুলোধোনা করা হচ্ছে। ‘একজন ব্যক্তি’ বলতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বুঝিয়েছেন কি না, তা নিয়েও চলছে বিশ্লেষণ।
এর আগে সহকর্মীদের সঙ্গে কপিলের বাজে আচরণের জন্য বন্ধ হয়ে যায় শোটি।
