দুই দশক পর একসঙ্গে হয়েছে কমল হাসান ও শঙ্কর। ১৯৯৬ সালের হিট সিনেমা ‘ইন্ডিয়ান’-এর সিক্যুয়েলে জুটি বেঁধেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। এ সিনেমায় আজয় দেবগনের অভিনয়ের কথা থাকলেও হচ্ছে না।
‘ইন্ডিয়ান’-এ দ্বৈত ভূমিকায় অভিনয় করেন কমল। এর মধ্যে বয়স্ক চরিত্রটিকে দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে যুক্ত করতে। দুই চরিত্রই ফিরছে বর্তমানে চেন্নাইয়ে চলমান ‘ইন্ডিয়ান ২’ শুটিংয়ে।
এর আগে শোনা যায়, ‘২.০’ এর পর আবারও শঙ্করের পরিচালনায় ভিলেন হচ্ছেন অক্ষয় কুমার। কিন্তু বাস্তব রূপ পায়নি তা। এমনও শোনা যায় ‘ইন্ডিয়ান ২’ এর ভিলেন হচ্ছেন অভিষেক বচ্চন। আর সর্বশেষ নামে আসে অজয়ের। তিনি নাকি চুক্তিতে স্বাক্ষরও করেছেন।
কিন্তু নতুন খবর হলো- সিনেমাটি করছেন না অজয়। মিড ডে’কে এক সাক্ষাৎকারে জানান, শঙ্কর চাইছিলেন শিগগিরই ‘ইন্ডিয়ান ২’ এর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান অজয়। কিন্তু এ নায়কের শিডিউল ‘তানাজি: দ্য আনসাং হিরো’র জন্য দেওয়া।
আরও জানান, এমন নয় যে- ধূসর চরিত্র বলে তিনি সিনেমাটি ছেড়েছেন। জানান, একজন অভিনেতার কাছে ধূসর, সাদা বা কালো বলে কিছু নেই। তার কাছে চরিত্রটিই গুরুত্বপূর্ণ। তিনি ‘খাকি’ ও ‘কোম্পানি’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্রে আবারও অভিনয় করতে পারলে খুশিই হবেন।
তবে ‘ইন্ডিয়ান ২’ এর চরিত্রটি ধূসর ছিল বা ছিল না- এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না অজয়। কারণ চরিত্রটি এখন তার নয়, অন্য কারো জন্য।
