আবারো ইউনাইটেডের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন স্যার অ্যালেক্স ফার্গুসন! গুজব নয়। সত্যিই এই কিংবদন্তিকে দেখা যাবে ইউনাইটেডের ডাগআউটে।
ম্যানচেস্টার ইউনাইটেডকে সব মিলে ২০টি শিরোপা উপহার দিয়ে ২০১৩ সালে অবসরে যান ফার্গুসন। ২৭ বছর ইউনাইটেডের ডাগআউট সামলান তিনি। এই সময়ে ইউনাইটেডকে প্রিমিয়ার লিগ, এফ এ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন।
তবে ৭৭ বছর বয়সী ফার্গুসন ঠিক অবসর ভেঙে যে ফিরছেন, তা নয়। একটি প্রদর্শনী ম্যাচে ম্যানইউয়ের ডাগআউটে দাঁড়াবেন তিনি। ১৯৯৯ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে ম্যানইউ। সেবার ট্রেবল জয় করে দলটি। সেই জয়ের বিশ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে ইউনাইটেড।
বায়ার্ন মিউনিখ লিজেন্ডসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ডসের ম্যাচটি ২৬ মে অনুষ্ঠিত হবে। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যোগ হবে ইউনাইটেড ফাউন্ডেশনে।
গত বছর মে’তে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ফার্গুসনকে। ম্যানইউয়ের ডাগআউটে দাঁড়াবেন বলে বেশ উচ্ছ্বসিত তিনি। ক্লাবটির ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘ওল্ড ট্রাফোর্ডে কি হবে সেটির জন্য আমি সত্যিই মুখিয়ে। কিছু প্রিয় মুখের দেখা পাওয়ার জন্য এটা দারুণ মঞ্চ হবে। ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনকে সহায়তার জন্য দারুণ সুযোগও এটি।’’
