পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার জেলার শহরতলির হিমালয় বিনোদন পার্কে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি আবদুল হান্নান শেখ সভায় সভাপতিত্ব করেন। সভায় গত সাধারণ সভার কার্যবিবরণী পঠিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আয়-ব্যয়ের রিপোর্ট পেশ ও আলোচনার পর অনুমোদিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদনে সভার সভাপতি মো. আবদুল হান্নান শেখ বলেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বাংলাবান্ধা পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু হওয়ায় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা করে লাভবান হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে। চেম্বার সবার সহযোগিতায় ব্যবসা-বাণিজ্য, শিল্পের অগ্রগতি, নিরাপত্তা বিধান, স্বার্থ রক্ষা ও সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেশের রাজস্ব আদায়ে ভূমিকা পালন করছে। জেলায় সম্ভাবনাময় পোলট্রিশিল্পের বিকাশে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ আকারে অর্থায়ন হচ্ছে। পোলট্রিশিল্প জেলায় ব্যাপক কর্মসংস্থান, সুলভ জৈব সার ও আমিষ চাহিদা পূরণের মাধ্যমে স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। পঞ্চগড় ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
×
