দেশ রূপান্তরকে ইসি সচিব

উপজেলায় ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১১ এএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে আজ রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারসংক্রান্ত বিধিমালা পরীক্ষা-নিরীক্ষা শেষে আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য ইসিতে পাঠানো হয়। ইসি আবার যাচাই-বাছাই শেষে বিধিমালাটি অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে আজ। 

এ বিষয়ে সচিব হেলালুদ্দীন

দেশ রূপান্তরকে বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারসংক্রান্ত বিধিমালাটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ইসিতে পাঠানো হয়েছে। রবিবার (আজ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোন কোন ধাপে ইভিএম ব্যবহার করা হবে, তা চূড়ান্ত করা হবে।’ তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টি জেলার সদর উপজেলায় ইভিএম মেশিন ব্যবহার করা যাবে। তবে বিষয়টি চূড়ান্ত করবে কমিশন।

ইসির একাধিক কর্মকর্তা জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সব সদর উপজেলায় ইভিএম ব্যবহার করার জন্য কমিশন শুরুতেই পরিকল্পনা নেয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ১২৯টি উপজেলার মধ্যে ১৩টি জেলার সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের পর পর্যায়ক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সব সদর উপজেলায় ইভিএম মেশিন ব্যবহার করা হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ছিল ১২ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ মার্চ ১২৯ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্তমনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত