জাপানের সংবাদমাধ্যমকে মিয়ানমার সেনাপ্রধান রোহিঙ্গা নিপীড়নের প্রমাণ নেই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭ এএম

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কোনো প্রমাণ নেই। বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা মনগড়া কথা বলছে। কোনো প্রমাণ ছাড়া বিশ্ববাসী মিয়ানমারের যে সমালোচনা ও নিন্দা করছে, তা দেশটির জন্য অসম্মানজনক। গত শুক্রবার জাপানের সংবাদমাধ্যম আশাহি শিম্বুনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন তিনি। ২০১৭ সালে ‘রোহিঙ্গা বিদ্রোহীদের’ হাতে নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ আগস্ট অভিযান শুরু করে মিয়ানমারের সেনারা। এ অভিযানে তাদের হাতে হত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার হয় রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা। সে অত্যাচারের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল রাখাইনের অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ওপর হামলায় সরাসরি শীর্ষ জেনারেলদের হাত দেখেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সংস্থা ও দেশ। তবে মিয়ানমার সেনাবাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। রাখাইনে অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে এ নিয়ে কথা বললেও কোনো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত কিছু বলেননি মিয়ানমার সেনাপ্রধান। সে অবস্থান থেকে সরে এসে প্রথমবারের মতো বড় পরিসরে আশাহি শিম্বুনের সঙ্গে রোহিঙ্গাদের ওপর অভিযান নিয়ে মুখ খোলেন তিনি। মিন অং হ্লাইং বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর অভিযানের কারণ ছিল। সেই সময় বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের গ্রেপ্তারের লক্ষ্যেই অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাদের নিপীড়ন করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত