নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে থাকতেই খোয়া গেছে সিরিজ। বরাবরের মতো কিউইদের বিপক্ষে বাংলাদেশ গড়তে পারেনি কোনো প্রতিরোধ। না সেটা ব্যাটিং কিংবা বোলিং।
তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে টাইগারদের পারফরম্যান্সে খুব বেশি হতাশ নন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে সঠিক ট্রাকেই আছে বাংলাদেশ। তবে প্রথম দুই ওয়ানডেতে রুবেল হোসেনকে মিস করেছেন সুজন।
বাংলাদেশ প্রথম দুই ওয়ানডে খেলেছে একই একাদশ নিয়ে। পেস আক্রমণে মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এই অলরাউন্ডার ব্যাট হাতে প্রথম ওয়ানডেতে দাবি পূরণ করলেও বোলিংয়ে দুই ম্যাচে খুব বেশি দাবি পূরণ করতে পারেননি।
প্রথম ওয়ানডেতে ৭ ওভার বল করে ৪৩ রান খরচ করে কোনো উইকেট পাননি সাইফউদ্দিন। দ্বিতীয় ওয়ানডেতে ৬ ওভার বল করে ৪৪ রান ব্যয়ে ছিলেন উইকেটশূন্য। তবে প্রথম ওয়ানডেতে নয় নম্বরে নেমে ৪১ রানের ইনিংস খেলায় দ্বিতীয় ওয়ানডেতেও তাকে বাদ দেওয়া চিন্তা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ক্রাইস্টচার্চে অবশ্য ১০ রানের বেশি করতে পারেননি তরুণ সাইফউদ্দিন।
তবে খালেদ মাহমুদ সুজন একজন বিশেষজ্ঞ পেসারের অভাবটা খুব ভালোভাবে টের পাচ্ছেন। রোববার সংবাদমাধ্যমকে সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘আমার মনে হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি ভালো খেলছে। ওদের যারা বল করছে তাদের সবাই ১৪০ এ বল করছে। আমাদের কিন্তু ওই জোরে করার বোলারটা নেই। আমরা রুবেলের পেসটা মিস করছি।’’
প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও একই ব্যবধানে হার। সুজন অবশ্য টাইগারদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন বলে জানাচ্ছেন, ‘‘তবে আমি একদম হতাশ না। নিউজিল্যান্ড কন্ডিশন সব সময় কঠিন যে কোনো উপমহাদেশের দলের জন্য। আমি মনে করি ছেলেরা ভালো ট্র্যাকেই আছে। সাকিব ফিরে আসলে টিমের ব্যালান্সডটা ঠিক হয়ে যাবে।’’
সাকিব না থাকায় একজন ব্যাটসম্যান-বোলার বেশি নিয়ে খেলতে হয় বাংলাদেশকে। সুজন বলছেন, ‘‘আমার মনে হয় সাকিব না থাকলে যা হয়, দলের ব্যালান্স করতে একটু কঠিন হয়। আমাদের তো ওই মানের অলরাউন্ডার সত্যি কথা কমই। তারপরও আপনি যে একটা কম ব্যাটসম্যান নিয়ে খেলবেন সেটাও একটা ঝুঁকি হয়। তারপরও আমি একটা বোলারের শর্ট দেখি। দেখা যাক ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে সেটাই করবে।’’
তা হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কি রুবেল হোসেনকে একাদশে ফেরাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট? ডানেডিনে ২০ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
