ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হারল রিয়াল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৭ পিএম

লা লিগায় দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। এক সময় পথ হারানো দলটি পয়েন্ট টেবিলে ওঠে এসেছিল দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে ব্যবধান কমিয়ে শিরোপার স্বপ্নের কথাও বলছিলেন দলটির কেউ কেউ। কিন্তু ঘরের মাঠে টেবিলের তলানির দল জিরোনার বিপক্ষে হেরে বড়সড় ধাক্কা খেল দলটিকে।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে জিরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে শুরুতে কসিমিরোর গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল। লিগে টানা ৫ জয়ের পর হার দেখল দলটি। ম্যাচটিতে আবার সার্জিও রামোস দেখেছেন লাল কার্ড।

এদিনের হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের শুধু পয়েন্টের ব্যবধানই যে বাড়ল তা নয়, দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে তারা। ২৪ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র আর ৭ হারে ৪৫ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান খেলায় দুই পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। জিরোনা আছে টেবিলের ১৫তম স্থানে।

ম্যাচের ২৫ মিনিটে টনি ক্রুসের দারুণ এক ক্রস থেকে কাসিমিরো পাওয়ারফুল হেডে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

৬৫ মিনিটে জিরোনার সম্ভাবনায় এক আক্রমণে ডি বক্সের ভেতরে বল নিজের হাতে লাগান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ফলে পেনাল্টি পায় জিরোনা। রামোস দেখেন হলুদ কার্ড। স্পট কিক থেকে জিরোনাকে সমতা এনে দেন স্তুয়ানি।

১০ মিনিট পরই ২-১ এ লিড নিয়ে নেয় জিরোনা। হেড থেকে গোল করেন পোর্তু। বা দিক থেকে লোসানোর শট রিয়াল গোলরক্ষক কোর্তোয়া প্রথম দফায় ক্লিয়ার করলেও অন্যপ্রান্তে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন পোর্তু। মোটেও ভুল করেননি তিনি দলকে এগিয়ে দিতে।

৯০ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ট্যাকেল করে দ্বিতীয় হলুদ হার্ড দেখে মাঠ ছাড়েন রামোস। লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ১৯ বার লাল-কার্ড দেখার ইতিহাসে নাম উঠল রামোসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত