ব্রাদার্সকে বিধ্বস্ত করে আবাহনীর টানা পাঁচ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৭ পিএম

শুরুতে আত্মঘাতী গোল উপহার দিল ব্রাদার্স ইউনিয়ন। পরে জ্বলে উঠল আবাহনী লিমিটেডের দুই বিদেশি বেলফোর্ট ও সানডে চিজোবা। বেলফোর্ট করলেন জোড়া গোল। তাতে ব্রাদার্সকে একরকম বিধ্বস্ত করে ছাড়ল আকাশি-নীলরা।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সকে ৪-০ গোলে হারায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেলে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল তারা। বাকি ছয় ম্যাচেই জয় ঢাকার জায়ান্টদের।

এদিন ম্যাচের ১১ মিনিটে ব্রাদার্সের উত্তম বড়ুয়া নিজেদের জালেই বল ঠেলে দিলে ১-০ গোলের লিড পায় আবাহনী। ১৯ মিনিটে বেলফোর্ট গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় দলটি। ৪২ মিনিটে সানডে চিজোবা জাল খুঁজে নিলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেলফোর্ট। এরপর আর গোলের দেখা না পেলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়তে অসুবিধা হয়নি আবাহনীর।

৭ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আবাহনী। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস। ৬ খেলায় এক জয়ে ব্রাদার্সের পয়েন্ট মাত্র ৩।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত