দ্বিতীয় যুব টেস্ট ম্যাচে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। লাল-সবুজের যুবাদের সামনে লক্ষ্য ৩৩৩ রানের। ১ উইকেটে ৩৪ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জিততে হলে সোমবার শেষ দিনে আরো ২৯৯ রান করতে হবে তাদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে রোববার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ২২৮ রানে। সর্বোচ্চ ৭৪ রান করেন মাহমুদুল হাসান জয়। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩৭ রান।
প্রথম ইনিংসে ১০৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় বড় লক্ষ্য। ইংলিশদের পক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন জেমি স্মিথ। অন্যরা সেভাবে আলো কাড়তে না পারলেও এই টড অর্ডার ব্যাটসম্যান ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান জর্ডান কক্সের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন মিজানুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন মুজাক্কির হুসাইন ও আসাদুউল্লাহ গালিব।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে দিনের শেষ বলে ওপেনার অমিত হাসান হাসানের উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৬ রান করে ফিরেছেন অমিত। আরেক ওপেনার তানজিদ হাসান ২৮ রানে অপরাজিত আছেন।
