আখাউড়ার সেই বিতর্কিত ওসি মোশারফ প্রত্যাহার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩ পিএম

অবশেষে প্রত্যাহার করা হলো বিভিন্ন অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদারকে। শনিবার রাতেই তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০১৫ সালের ২১ অক্টোবর যোগদান করার পর বেপরোয়া হয়ে ওঠেন ওসি মোশারফ হোসেন তরফদার। ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এই থানার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে বিভিন্ন স্পট থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও চট্টগ্রাম ডিআইজি কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করা জেলায় ১৬ পুলিশ সদস্যের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার প্রমাণ পায়। তাদের মধ্যে শীর্ষে ছিলেন ওসি মোশাররফ হোসেন তরফদার।

বিষয়ে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না। জনস্বার্থে আমাকে বদলি করা হয়েছে। এছাড়া আখাউড়া থানায় তো অনেক দিন চাকরি করলাম।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, তাকে (ওসি মোশারফ হোসেন তফরদার) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত