ভক্তদের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। নিজের চিরচেনা গন্ডি থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। নুসরাত জানিয়েছেন আর কোনো বাণিজ্যিক ছবিতে কাজ করবেন না। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানা গেছে। ফলে নুসরাতের বাণিজ্যিক ছবির ভক্তদের জন্য এটা দুঃসংবাদই বটে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছেন নুসরাত। তিনি এখন অন্য ঘরানার ছবি খুঁজছেন, বিশেষ করে বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে নিজেকে মেলে ধরতে চান নুসরাত। এতে যদি তার মাথার ওপর থেকে টলিউডের এক নম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সরেও যায়, তাতেও কোনো আপত্তি করবেন না।
এদিকে নায়িকা এরই মধ্যে মনের মতো গল্পও খুঁজে পেয়েছেন। এ মুহূর্তে তার হাতে আছে পদ্মনাভ দাশ গুপ্তের চিত্রনাট্য। যেখানে এক সাহসী মেয়ের সংগ্রামের গল্প তুলে ধরা হবে। পরিবেশ দূষণ নিয়ে যে মেয়েকে লড়াইয়ে নামতে হয়। ছবিটি পরিচালনা করবেন ত্রিদিব রমন। নুসরাত জাহান বলেন, ‘টিপিক্যাল কমার্শিয়াল ছবিতে আর অভিনয় করতে চাইছি না। অভিনয় প্রতিভার স্বীকৃতি দেয়, এমন ছবিই করব।’ নতুন ছবিতে কাজ করা প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বেশ কয়েকটি প্রস্তাব ছেড়ে এই স্ক্রিপ্টটা বেছে নেওয়ার কারণ, গল্পটা আমাকে নিয়েই। ছবিটা ঘিরে অনেক আশা। এখনো চিত্রনাট্য লেখার কাজ চলছে।’
এদিকে অভিনয়ে নিজেকে আরও পোক্ত করে নিতে সোহাগ সেনের কাছে প্রশিক্ষণও নেওয়া শুরু করেছেন নুসরাত।
