আবারও বার্সার ত্রাতা মেসি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৮ এএম

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে একটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। যে কারণে ম্যাচে জোড়া গোল হলো না তার। তবে প্রথম সুযোগে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে জয় এনে দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা তারকা। দুই পেনাল্টির বাইরে আর কোনো বার্সা তারকা দলের হয়ে গোল পাননি। তাই ঘুরে-ফিরে সেই মেসিই বার্সেলোনার জয়ের নায়ক। ঘরের মাঠে ভায়াদোলিদের বিপক্ষে মাত্র ১-০ গোলে জিতেছে কাতালানরা। হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে টানা তিন ম্যাচ জিততে ব্যর্থ ছিল তারা। তিনটি ড্রয়ের পর নিজেদের মাঠে জিতলেও তা স্বতঃস্ফূর্ত ছিল না। কষ্টের জয়ে ৫৪ পয়েন্টে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।
শনিবার মাত্র এক গোলের ব্যবধানে জিতলেও ভায়াদোলিদের কাছে খুব একটা বিপদে পড়েনি স্বাগতিকরা। কিন্তু নিজেদের সেরা পারফর্মের ছিটেফোঁটাও ছিল না। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে পারেনি অতিথিদের শক্ত ডিফেন্সের কারণে। তবে বিরতির ঠিক আগে জেরার্ড পিকে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। তাতে লক্ষ্যভেদ করে লিগে নিজের ২২তম গোল আদায় করেন মেসি। গোলস্কোরারের তালিকায় শীর্ষে থাকা এ আর্জেন্টাইন গোলসংখ্যা আরেকটু বাড়াতে পারতেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ভায়াদোলিদের গোলকিপার জর্দি মেসিপ অবিশ্বাস্যভাবে মেসির শট রুখে দেন। ম্যাচের শেষদিকে আবারও মেসিপের মুখোমুখি হন মেসি। এবার পেনাল্টিতে। এবারও মেসিপ অসাধারণ দক্ষতায় মেসির পেনাল্টি শট ফিরিয়ে দেন। তাই এক গোলের জয়েই সুখী থাকতে হয় বার্সাকে। এ নিয়ে ক্যারিয়ারে ২৭টি পেনাল্টি মিস করলেন মেসি, লা লিগায় ১৪তম। এছাড়া পাঁচটি কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগে তিনটি, উয়েফা সুপার কাপে একটি ও আর্জেন্টিনার হয়ে চারটি পেনাল্টি মিস করেছিলেন।

দিনের অন্য ম্যাচে রায়ো ভায়োকানোকে ১-০ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আন্তোনি গ্রিজম্যানের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় দলটির। জয়সূচক গোলে ক্লাবটির হয়ে ১৩০ গোল করলেন ফরাসি তারকা। ফার্নান্দো তোরেসকে টপকে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় পাঁচে উঠে এসেছেন গ্রিজম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত