টেস্টেও ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল যুব টাইগাররা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৫ পিএম

চ্যালেঞ্জিং লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। দ্বিতীয় যুব টেস্টের চতুর্থ ও শেষ দিনে সফরকারী ইংল্যান্ড অনূধ্র্ব-১৯ দলের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৯৯ রান। হাতে ৯ উইকেটে। মেহেদী হাসান জয়ের সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জ জিতল যুব টাইগাররা। দুই ম্যাচের যুব টেস্ট সিরিজে ইংল্যান্ডকে দিল হোয়াইটওয়াশের স্বাদ।

সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে দ্বিতীয় যুব টেস্ট ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৩৪ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। এদিন মেহেদী হাসান জয়ের ১১৪ আর তৌহিদ হৃদয়ের ৭৬ রানে ভর করে ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে প্রথম তিন দিনই দাপট ছিল ইংল্যান্ডের। প্রথম ইনিংসে ইংলিশ যুবাদের ৩৩৭ রানের বিপরীতে বাংলাদেশ করে ২২৮ রান। এরপর ৮ উইকেটে ২২৩ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে শেষ দিনটা রাঙিয়েছে বাংলাদেশ।

প্রথম যুব টেস্ট ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়েছিল বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজেও ইংলিশদের হোয়াইটওয়াশের স্বাদ দেয় যুব টাইগাররা। একমাত্র টি-টোয়েন্টিও জিতেছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত