আজও গ্যাস থাকবে না, বাদ নেই বঙ্গভবন-গণভবনও

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২০ এএম

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তর, ভাল্ব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে রাজধানীর বেশিরভাগ এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস। শিগগিরই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ‘চিরুনি অভিযান’ চালানো হবে বলেও জানিয়েছে গ্যাস সঞ্চালন ও বিতরণকারী এ প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় নতুন করে গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়েছে। এর দুই প্রান্তের সঙ্গে বিদ্যমান লাইনের সংযোগ দেওয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত থাকায় মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবোসহ আশপাশের এলাকায় ১২ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে ধানমণ্ডি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভাল্ব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইনে লিকেজ মেরামতের কাজও করা হবে। এর প্রভাবে ওই সময় আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে। 

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, অবৈধ সংযোগ চিহ্নিত করতে শিগগিরই এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালানো হবে। এ সময় মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার, পাইপলাইন বিভাগের ডিজিএম প্রকৌশলী সামিউল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এদিকে, গত শুক্রবার রাত ১২টার পর কোনো এক সময় আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) সঞ্চালন লাইনের গ্যাসকেট (লাইনের ভেতরের ফাঁকা অংশের জোড়া) ফেটে যায়। এতে আশুলিয়া, সাভার, মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর স্থান নির্ধারণ করে মেরামত কাজ শেষে গত রবিবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত