বেলজিয়ামে একসময় ভোট দেওয়ার হার কমে গিয়েছিল। কমে সেটা ২০ শতাংশের নিচে চলে যায়। তখন দেশটির সরকার আইন করে, ভোটাররা যদি ভোট না দেয়, তাহলে তাদেরকে জরিমানা করা হবে। ভোটাররা জরিমানা দেয়, তারপরও ভোট দেয় না।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন।
সিইসি বলেন, “(বেলজিয়ানরা) জরিমানা দিয়েও বলে যে, ভোট দেওয়ার দরকার নাই। সেই একটা সংস্কৃতি। আর উল্টো আমাদের দেশের সংস্কৃতি।”
তিনি বলেন, “এসব (উপজেলা পরিষদ) নির্বাচনে আপনারা দেখেছেন, ভোটাররা সারিবদ্ধভাবে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উপস্থিত থাকেন।”
নূরুল হুদা বলেন, “আপনারা যারা সংবাদকর্মী আছেন, তাদের মাধ্যমে আমরা টেলিভিশনে দেখেছি। পত্রপত্রিকায়ও দেখি, লম্বা লাইন দিয়ে গ্রামের নারীরা ভালোভাবে কাপড়চোপড় পরে, সাজগোজ করে বেরিয়েছে। উৎসবমুখর পরিবেশ বলতে আমরা যেটা বুঝি, সেরকম একটা বিষয়।”
ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সেই ব্যাপারে উপস্থিত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।
সেই সঙ্গে তাদেরকে উপজেলা নির্বাচনের প্রয়োজনীয় আইন-কানুনও ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদও রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
