ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলগুলোকে নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা এসেছে সোমবার। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট পেতে যাচ্ছে লিস্ট ‘এ’ মর্যাদা। স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে বিবেচিত হবে আসরের ম্যাচগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি আরো একটি টি-টোয়েন্টি লিগ বা টুর্নামেন্টের দাবি ছিল ক্রিকেটারদের। সেই দাবিই এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। ৮ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী সোমবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এই আসর।
এবারের প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া ১২টি দল নিয়েই হবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি।
২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। শেষ হবে ৩ মার্চ। ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। ১মার্চ দুটি সেমিফাইনাল। ৩ মার্চ হবে আসরের ফাইনাল।
মোট তিনটি ভেন্যুতে হবে খেলাগুলো। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সেমিফাইনাল ও ফাইনাল মিরপুরে অনুষ্ঠিত হবে।
এমনিতে প্রিমিয়ার লিগে প্রতি দলে একজন করে বিদেশি খেলোয়াড় খেলানো গেলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে শুধুই দেশি ক্রিকেটারদের নিয়ে। সোমবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।
