প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে রীতিমতো উড়ছিল বসুন্ধরা কিংস। তুলে নিয়েছিল টানা ৫ জয়। কিন্তু সেই উড়তে থাকা দলটির কাছ থেকেই পয়েন্ট কেড়ে নিয়েছে টেবিলের তলানির দল টিম বিজেএমসি।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মঙ্গলবার বসুন্ধরা ও বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। কিন্তু ম্যাচের ফল আলোড়ন ফেলে দেওয়ার মতো হলেও তা ঢাকা পড়ে যাচ্ছে মাঠ বিতর্কে। প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে যে মোটেও তৈরি ছিল না মাঠটি।
এবারের প্রিমিয়ার লিগে টিম বিজেএমসি এবং নোফেল স্পোর্টিং নিজেদের হোম ভেন্যু করেছে নোয়াখালীর এই মাঠকে। কিন্তু এবড়োখেবড়ো মাঠটি সুযোগ-সুবিধা দেখে যে লজ্জা পেতে হয়।
এবারের লিগে সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরাও তাই মাঠটিতে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। মাঠ দেখে অবশ্য আগের দিনই মেজাজ বিগড়ে গিয়েছিল বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের। ওই মাঠে তাই দলকে অনুশীলনই করাননি তিনি।
এদিন গোলের সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেনি বসুন্ধরা। উল্টো ৭৭ মিনিটে ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী লাল কার্ড দেখলে পরিণত হয় ১০ জনের দলে।
৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে মোট ১৬ পয়েন্ট বসুন্ধরার। অন্যদিকে তৃতীয় ড্র’র মুখ দেখা বিজেএমসির পয়েন্ট ৩। ৭ ম্যাচ খেলে এখনো জয়হীন দলটি।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
