নতুন করে তিনটি ব্যাংকের অনুমোদন দেওয়ার সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এর ফলে লুটের পথ আরও প্রসারিত হলো।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথার পাশাপাশি, বিকল্প ব্যবস্থা ছাড়া রাজধানীর বড় এক অংশে ১২ ঘণ্টা গ্যাস বন্ধের ঘোষণাকে ‘নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন’ বলেও মন্তব্য করেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বর্তমানে যেসব ব্যাংক বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে সেগুলো লুটপাটের কারণে ত্রাহি ত্রাহি অবস্থা। এমন সময় আরও তিনটি ব্যাংকের অনুমোদন ব্যাংক লুটের পথকে আরও প্রসারিত করল।
রাজধানীর বড় একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আগাম ঘোষণা ছাড়াই এমনটা করা হচ্ছে। তাছাড়া ছিল না কোনো বিকল্প ব্যবস্থা। বিষয়টি নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনেরই প্রতিফলন বলে বিএনপি মনে করে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলা রক্ষায় যে কমিটি গঠন করা হয়েছে তা হাস্যকর বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপি নেতা রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
